“ওদের দু-কান কাটা , বিজেপির ললিপপ”, নাম না করে বলে কেন্দ্র ও কমিশনকে তীব্র আক্রমণ মমতার!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক রাজ্য সফর এবং দুর্নীতির বিষয়ে তার কটাক্ষের জবাবে এবার পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের সরকারি সভা থেকে তিনি নাম না করেই মোদীকে ‘দু’কান কাটা’ বলে কটাক্ষ করেন এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, ‘‘কমিশন যেন বিজেপির ললিপপ!’’

কলকাতায় মেট্রো উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী দুর্নীতির বিষয়ে মন্তব্য করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সব প্রশ্নের উত্তর দেওয়ার পরও নম্বর কাটা হচ্ছে। বাংলাকে চোর বলা হচ্ছে। অথচ চোরদের, গদ্দারদের সঙ্গেই মিটিং চলছে। লজ্জা করে না!’’ এরপর তিনি বলেন, ‘‘লজ্জা, ঘৃণা, ভয়—এই তিন থাকতে নেই। একটা কান কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। ওদের দু’টো কানই কাটা! তাই আর ভয় কীসের?’’

মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘‘ভোট এলেই এনআরসি করতে হবে? নতুন করে নাম কাটতে হবে? ইলেকশন কমিশনকে প্রণাম জানাই, সালাম জানাই—কিন্তু প্লিজ বিজেপির ললিপপ হবেন না। তা হলে কিন্তু মানুষ ক্ষমা করবে না।’’

প্রধানমন্ত্রীর ঘন ঘন রাজ্য সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘‘ইলেকশন এলেই আপনি রোজ পরিযায়ী শ্রমিকের মতো আসছেন। আমি চাই আপনি রোজ আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি—সবই তো পাচ্ছেন ফ্রিতে!’’ নিজের সততা তুলে ধরে তিনি বলেন যে, তিনি সাতবারের সাংসদ হিসেবে মাসে প্রায় আড়াই-তিন লক্ষ টাকা পেনশন পেলেও, এক পয়সাও নেন না। বই লিখে এবং গান গেয়ে যা রোজগার করেন তা দিয়েই তার চলে যায়।

সবশেষে মুখ্যমন্ত্রী বাংলার সম্মান নিয়ে কেন্দ্রকে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘‘বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে লাগে। বাংলার অপমান আমি বরদাস্ত করব না। আমাকে যা খুশি গালি দিন, কুৎসা করুন, আমি লড়ে নেব। এটা আমার মাটি, মায়ের শক্তি। আমাকে ভয় দেখিয়ে কিছু হবে না।’’