“বিশ্বাস তো বহু দিন আগেই ভেঙে গেছে”-থামছে না কলহ, বিচ্ছেদের পরও চাহালকে খোঁচা ধনশ্রীর!

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মার বিচ্ছেদের পর থেকে তাদের নিয়ে আলোচনা যেন থামছেই না। এবার একটি টেলিভিশন অনুষ্ঠানে ধনশ্রীর একটি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে ধনশ্রী তার প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালকে ইঙ্গিত করেছেন।

সম্প্রতি একটি নতুন টেলিভিশন শো ‘রাইস অ্যান্ড ফল’-এর প্রচার ভিডিওতে ধনশ্রী এই মন্তব্যটি করেন। যখন অনুষ্ঠানের প্রতিযোগীরা ‘বিশ্বাস’ নিয়ে কথা বলছিলেন, তখন হঠাৎ করেই ধনশ্রী বলে ওঠেন, ‘বিশ্বাস তো বহু দিন আগেই আমার ভেঙে গেছে।’ তার এই মন্তব্য ঘিরেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়। অনেকেই মনে করছেন, তিনি চাহালকে উদ্দেশ করেই এই কথা বলেছেন।

বিচ্ছেদের পর অনেকেই ধনশ্রীকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছিলেন। তবে তিনি পরিষ্কার জানিয়েছেন যে, আসলে তিনিই প্রতারিত হয়েছিলেন, আর তা অনেক আগেই। এক সাক্ষাৎকারে তিনি জানান, সমালোচনার ফলে তার বাবা-মা খুব কষ্ট পেয়েছিলেন। সেই কঠিন সময়ে তিনি নিজেকে শক্ত রেখেছিলেন শুধুমাত্র তাদের কথা ভেবেই।

বিচ্ছেদের দিনটি সম্পর্কে তিনি বলেন, ‘মানসিকভাবে প্রস্তুত থাকলেও আমি নিজেকে সামলাতে পারিনি। সবার সামনে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। সেই মুহূর্তের কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’