পুজোয় ভাসবে কলকাতা? বঙ্গের এই ৫ জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভবনা, সাবধান করছে আবহাওয়া দফতর

টানা দুই সপ্তাহ বৃষ্টির পর অবশেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি ফিরেছে। সোমবার থেকে বৃষ্টি কমলেও, আকাশের মুখ এখনও ভার। মঙ্গলবার সকালে রোদ উঠলেও, তা বেশিক্ষণ স্থায়ী হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবারও নতুন করে নিম্নচাপ ঘনাচ্ছে।
ফের নিম্নচাপের সম্ভাবনা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া আবারও বদলে যাবে। বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, যার কারণে সপ্তাহের শেষ দিকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই নিম্নচাপের মূল প্রভাব পড়বে ওড়িশায়, তবুও পশ্চিমবঙ্গের কিছু অংশে এর প্রভাব দেখা যেতে পারে।
মৌসুমি অক্ষরেখা এখন বিকানের, জয়পুর, বান্দা, রাঁচি, সম্বলপুর এবং দিঘার ওপর দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে।
সতর্কতা জারি
আবহাওয়া দফতরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৮শে আগস্ট পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।