‘সিবিআই-ইডি লাগবে না, পুলিশই চোরদের ধরবে’- মমতার পুলিশের প্রশংসায় শুভেন্দু!

এবার রাজ্য পুলিশের প্রশংসা শোনা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। তিনি বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডির প্রয়োজন হবে না, কারণ রাজ্য পুলিশের ভেতরেই অনেক পেশাদার ও বুদ্ধিমান অফিসার রয়েছেন। তার মতে, আগামী এপ্রিলে বিজেপি ক্ষমতায় এলে এই পুলিশ অফিসারদের দিয়েই দুর্নীতিবাজদের ধরা হবে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করা হবে।
শুভেন্দু অধিকারী বলেন, “পুরো ব্যবস্থাটা যদি বদলাতে হয়, সিবিআই-ইডির কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যেও অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, পেশাদার অফিসাররা আছেন, যাদের কাজে লাগানো হয় না।” তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে এই পুলিশকে দিয়েই চোরদের উচ্ছেদ করা হবে এবং সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
এর আগে শুভেন্দু বিভিন্ন সময় রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে তিলোত্তমা কাণ্ড এবং খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তের মতো ঘটনায় তিনি পুলিশের সমালোচনা করেছিলেন। কিন্তু এবার তার কথায় বোঝা যাচ্ছে যে, তিনি পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখেন।
শুভেন্দুর এই মন্তব্যের জবাবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “ওর কাছ থেকে কে সার্টিফিকেট চেয়েছে? বাংলার পুলিশের যোগ্যতা সম্পর্কে ওকে বলতে হবে? ব্রিটিশ আমল থেকে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কেউ প্রশ্ন তোলেননি।” তিনি আরও বলেন, “উনি তো নিজেই দুর্নীতিগ্রস্ত, ওনার কাছ থেকে পুলিশ সার্টিফিকেট নেবে?”