হলুদ রঙের গণেশ আরাধনার রয়েছে বিশেষ মাহাত্ম্য! কোথায় হয় এই পূজা?

আগামীকাল, বুধবার, সারা দেশে পালিত হবে গণেশ চতুর্থী। এই উৎসবকে ঘিরে এখন থেকেই সাজসাজ রব। তবে এই বছর কলকাতায় এক বিশেষ ধরনের গণেশের আরাধনা হতে চলেছে, যা সাধারণত খুব একটা দেখা যায় না। বগলামুখী মাতৃমিশনে পুজো করা হবে হলুদ রঙের গণপতির, যাকে বলা হয় হরিদ্রা গণপতি।
সাধারণত গণেশ বাবাজিকে লাল বা গোলাপি রঙের রূপে দেখা যায়, কিন্তু হলুদ গণপতির আরাধনা খুবই কম হয়। এই বিশেষ রূপের পুজো করলে জগতের সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়।
কেন হলুদ গণপতির পুজো?
বগলামুখী মাতৃমিশনের সঙ্ঘাধ্যক্ষ কূলাবধূতাচার্য সোমানন্দ নাথ বলেন, “হরিদ্রা গণপতির পুজো খুব একটা দেখা যায় না। এই রূপে গণেশের আরাধনা করলে বিশেষ শক্তি পাওয়া যায় এবং সমস্ত শত্রুকে দূর করা সম্ভব হয়। হিন্দু ধর্ম অনুযায়ী, দেবী বগলামুখীকে প্রসন্ন করতে হলে সবার আগে হরিদ্রা গণপতির কৃপা পেতে হয়।”
এই বছর এই মিশনে মাটির তৈরি হলুদ গণেশের পুজো হবে। পূজার দিন, অর্থাৎ বুধবার, সকাল ৮টায় বিশেষ পুজো শুরু হবে এবং বেলা ১১টায় ভোগারতি হবে। সাধারণ মানুষ সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পুজো দিতে পারবেন। মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হলুদ লাড্ডু, ১১টি দুর্বা এবং একটি ঘিয়ের প্রদীপ দিয়ে পুজো দিলে গণপতির বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে।