সাড়ে তিন মাসের কন্যাকে বালিশ চাপা দিয়ে খুন, গ্রেফতার হলেন বাবা

মাত্র সাড়ে তিন মাসের কন্যাসন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। মঙ্গলবার শিলিগুড়ির প্রকাশনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মৃত শিশুটির নাম অমৃতা মাহাতো। এই মর্মান্তিক ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটির বাবা রাহুল মাহাতো তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা মনে করছেন, কন্যাসন্তান হওয়ায় রাহুল মাহাতো বেশ ক্ষুব্ধ ছিলেন এবং সেই ক্ষোভ থেকেই তিনি এমন কাজ করে থাকতে পারেন। এই অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি থানার পুলিশ জেলা হাসপাতালের সামনে থেকেই অভিযুক্ত রাহুলকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে।

তবে, অভিযুক্ত রাহুলের বোন তার ভাইয়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে আসল সত্য জানা যাবে বলে তিনি জানিয়েছেন।