“চাইলেই ধ্বংস করতে পারি”-চিনের উপর ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের

ভারতের সঙ্গে শুল্কযুদ্ধের মধ্যেই এবার চিনের দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি চিন পর্যাপ্ত পরিমাণে বিরল চুম্বক (Rare Earth Magnets) আমেরিকাতে রপ্তানি না করে, তাহলে তাদের পণ্যের ওপর ২০০% পর্যন্ত শুল্ক চাপানো হতে পারে।
সোমবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প চিনকে এই কঠোর বার্তা দেন। তিনি বলেন, “চিনের হাতে কিছু তাস আছে, তবে আমাদের হাতেও অবিশ্বাস্য কিছু তাস আছে। কিন্তু আমি সেই তাসগুলো খেলতে চাই না। কারণ আমি যদি তা খেলি, তাহলে তা চিনকে ধ্বংস করে দেবে। আমি এমন পরিস্থিতি তৈরি করতে চাই না।”
ট্রাম্প আরও বলেন, “আমাদের চিনের বিরল চুম্বক দরকার। যদি তা না দেওয়া হয়, তাহলে ২০০% শুল্ক বা এমন কিছু একটা আমাদের আরোপ করতে হবে।” তবে, একই সঙ্গে তিনি জানান যে, তিনি বেজিংয়ের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চান।
উল্লেখ্য, বিরল চুম্বক উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের মধ্যে চিনই সবচেয়ে এগিয়ে। আমেরিকার প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্রে এই চুম্বক ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ট্রাম্পের আশঙ্কা, বাণিজ্যিক টানাপোড়েনের কারণে চিন এই বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দিতে পারে। সেই আশঙ্কা থেকেই তিনি চিনকে এই কড়া হুঁশিয়ারি দিলেন।