রেশন নিয়ে নয়া আপডেট! সেপ্টেম্বর থেকে কি লাগবে এই বিশেষ ডকুমেন্ট? জেনেনিন বিস্তারিত

রেশন প্রাপকদের জন্য সুখবর। আধার কার্ড না থাকলে বা বায়োমেট্রিক যাচাই না হলেও কেউ রেশন থেকে বঞ্চিত হবেন না। এমনটাই নতুন নির্দেশ জারি করেছে রাজ্য খাদ্য দফতর। ৩১শে আগস্টের মধ্যে প্রতিটি জেলাশাসককে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

নতুন নির্দেশিকা কী বলছে?
খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যেসব গ্রাহকের আধার কার্ড নেই বা যাদের বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাদেরও নিয়মিত রেশন দিতে হবে।

জেলাশাসকদের এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে, যেখানে বলা থাকবে:

আধার কার্ডের কারণে কতজন গ্রাহক রেশন থেকে বঞ্চিত হচ্ছেন।

এই সমস্যা সমাধানের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে।

কোন কোন অভিযোগ এখনও অমীমাংসিত আছে।

যদি কোনো রেশন ডিলার বা খাদ্য দফতরের কর্মীর কারণে কোনো গ্রাহক বঞ্চিত হন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কেন এই উদ্যোগ?
খাদ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে বর্তমানে প্রায় ৮ কোটি ৯০ লক্ষ মানুষ জাতীয় ও রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আছেন। এর মধ্যে ৮৯% গ্রাহকের ই-কেওয়াইসি সম্পূর্ণ হলেও, কিছু মানুষ এখনও আধার কার্ডের অভাবে রেশন পাচ্ছেন না। এই সমস্যা এড়ানোর জন্যই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, আধার কার্ড না থাকা বা ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকার কারণে অনেকেই রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় আঞ্চলিক অফিস থেকেও তাদের কার্ড ব্লক করে দেওয়া হচ্ছে, যার ফলে দরিদ্র মানুষরা বিপদে পড়ছেন।

এই নতুন নির্দেশিকার পর, রেশন ডিলার, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন একসঙ্গে কাজ করে এই সমস্যার সমাধান করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে কোনো বৈধ রেশন কার্ডধারী আধার কার্ড না থাকার জন্য রেশন থেকে বঞ্চিত হবেন না।