পুজোর আগেই লাশ হয়ে ফিরলেন পরিযায়ী শ্রমিক, ‘রাখলেন না কথা’ কাজের সময় নেমে এল ‘যমদূত!’

পেটের টানে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অকালে প্রাণ হারালেন পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক। ওড়িশায় কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয়েছে ৩৫ বছর বয়সী অরূপ সিং সর্দারের। এই মর্মান্তিক ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনা যেভাবে ঘটলো
পুরুলিয়ার মানবাজার থানার পিড়রগোঁড়া গ্রামের বাসিন্দা অরূপ সিং সর্দার গত তিন মাস আগে ওড়িশায় গিয়েছিলেন একটি বেসরকারি সংস্থায় ওয়েল্ডিংয়ের কাজ করতে। সূত্রের খবর অনুযায়ী, কাজ করার সময় তিনি হঠাৎ উঁচু জায়গা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অরূপের মৃত্যু সংবাদ তার পরিবারে পৌঁছতেই সবাই কান্নায় ভেঙে পড়েন। তার বাবা ঠাকুর সিং সর্দারের দাবি, এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। অন্যদিকে মানবাজার এক নম্বর ব্লকের বিডিও দেবাশীষ ধর জানিয়েছেন, তারা শোকাহত পরিবারের পাশে আছেন এবং সব ধরনের সহযোগিতা করবেন।
অপূর্ণ রয়ে গেল পূজোয় বাড়ি ফেরার প্রতিশ্রুতি
প্রায় ছয় বছর আগে অরূপের বিয়ে হয়েছিল। তার পরিবারে রয়েছেন স্ত্রী জানকি, দুই সন্তান, মা, বাবা এবং ভাই। অরূপের স্ত্রী জানান, তিন মাস আগে একবার বাড়ি এসেছিলেন তিনি এবং পূজোর সময় আবার ফিরে আসার কথা ছিল। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটল। জানকি বলেন, “পূজোর আগেই বাড়ি ফিরবে অরূপ, কিন্তু কফিনবন্দী অবস্থায় ফিরবে তার নিথর দেহ।”