রাস্তা পরিষ্কারে এবার ঝাঁটা হাতে বিদেশিরা, দাঁড়িয়ে দেখল শহরবাসী! সমালোচনার মুখে প্রশাসন

গুরগাঁওয়ের খারাপ রাস্তাঘাট এবং নর্দমার জন্য যখন প্রশাসন সমালোচিত হচ্ছে, তখন একদল বিদেশি নাগরিক শহরের রাস্তা ও ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিলেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা একদিকে প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে স্থানীয় পৌরসভা ও নাগরিকদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছে।
ভিডিওতে দেখা যায়, কিছু বিদেশি নাগরিক ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছেন। এই উদ্যোগের পেছনের অন্যতম কারণ হলো একজন সার্বিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাজার। তিনি বলেছেন, ভারত একটি অসাধারণ দেশ, কিন্তু এখানকার মানুষ শুধু নিজেদের বাড়ির ভেতরের পরিবেশের যত্ন নেন। বাইরেটা পরিষ্কার রাখার দায়িত্ব তারা নিজেদের মনে করেন না। লাজার ভারতের স্বাধীনতা দিবস পর্যন্ত প্রতিদিন একটি করে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছিলেন। তিনি মনে করেন, যদি সবাই তাদের বাড়ির বা দোকানের সামনে ২ মিটার এলাকা পরিষ্কার রাখেন, তাহলেই অনেক কিছু বদলে যাবে।
ভিডিওতে লাজারকে ঝাড়ু হাতে স্থানীয়দের উদ্দেশ্যে বলতে শোনা গেছে, “ভারতকে পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে? সবাইকে বলতে হবে।” ফ্রান্সে থেকে আসা আরেক বিদেশি ম্যাটিল্ডা বলেন, তিনি ভারতকে ভালোবাসেন, কিন্তু যখন চারপাশে এত আবর্জনা দেখেন তখন তার খুব কষ্ট হয়। এই কাজে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে স্থানীয় বাসিন্দারাও ছিলেন। গুরগাঁও পৌরসংস্থা তাদের এই উদ্যোগের প্রশংসা করে এটিকে ‘নাগরিক দায়িত্ববোধের আদর্শ উদাহরণ’ বলে আখ্যা দিয়েছে।
এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই নিজেদের লজ্জা প্রকাশ করেছেন। একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “এটা খুবই লজ্জার বিষয় যে একজন বিদেশি আমাদের মৌলিক নাগরিক আচরণ শেখাচ্ছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “বাড়ি থেকে বেরিয়ে ‘এটা আমার দায়িত্ব নয়’—এই মানসিকতাই আমাদের শহরগুলোকে ধ্বংস করেছে।” অনেকেই স্থানীয় পৌরসভাকে তাদের দায়িত্বের প্রতি উদাসীন থাকার জন্য সমালোচনা করেছেন। এই ঘটনা আবারও শহরের পরিচ্ছন্নতা নিয়ে সরকারের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছে।