“২৭ অগস্ট থেকেই ৫০ শতাংশ শুল্ক”-আমেরিকার মাথা নোয়াতে নারাজ মোদীর ভরসা ‘গান্ধী’

রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার কারণে এবার আমেরিকার কঠোর পদক্ষেপের মুখে ভারত। আগামী ২৭ আগস্ট থেকে ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক বসানো হবে। এর ফলে মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৫০%।
মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়া থেকে তেল কিনে ভারত পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে আর্থিক সাহায্য করছে। এ বিষয়ে বারবার সতর্কতা দেওয়া হলেও ভারত নিজেদের অবস্থানে অনড় ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ আগস্ট এই শুল্ক আরোপের ঘোষণা করেন এবং সোমবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই সংক্রান্ত একটি খসড়া নোটিস জারি করেছে।
এই নতুন শুল্ক আরোপের বিরুদ্ধে ভারত আগেই প্রতিবাদ জানিয়েছে। নয়াদিল্লি বলছে, আমেরিকা রাশিয়ার তেলের অন্য ক্রেতাদের ওপর একই ধরনের কোনো শুল্ক আরোপ করেনি, তাই শুধু ভারতকে নিশানা করা ঠিক নয়।
এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে। মনে করা হচ্ছে, এই বৈঠকেই শুল্ক মোকাবিলায় ভারতের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করা হবে। সোমবার গুজরাটের এক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুল্কের মোকাবিলায় ভারতীয় পণ্যের উৎপাদন ও বিক্রির ওপর জোর দেওয়ার কথা বলেন। তিনি দোকানগুলোতে ‘স্বদেশী পণ্য’ বিক্রির বোর্ড লাগানোর পরামর্শও দিয়েছেন।
ট্রাম্পের এই কঠোর নীতি শুধু ভারতের ওপরই নয়, আরও কিছু দেশের ওপর প্রভাব ফেলবে। তিনি ডিজিটাল কর এবং অন্যান্য বাণিজ্যিক ইস্যুতেও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।