বাঁকুড়ায় খোঁজ মিলল কালাজ্বরে আক্রান্তের, নতুন করে বাড়ছে উদ্বেগ?

দীর্ঘ প্রায় দশ বছর পর বাঁকুড়া জেলায় আবার একজন কালাজ্বরে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। বাঁকুড়ার ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামের এক যুবক এই রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনার পর স্বাস্থ্য দফতর সতর্ক হয়ে ওই এলাকায় একটি স্বাস্থ্য শিবির বসিয়েছে।
ওই যুবক গত ২ আগস্ট একটানা জ্বর নিয়ে ওন্দা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে তার রক্ত পরীক্ষা করা হয় এবং ১৪ আগস্ট তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরীক্ষার রিপোর্টে কালাজ্বর পজিটিভ আসে। এরপর ২০ আগস্ট তাকে আবার ওন্দা হাসপাতালে ভর্তি করা হয়।
রোগীর খবর পাওয়ার পর স্বাস্থ্য দফতর দ্রুত পদক্ষেপ নিয়েছে। চিকিৎসক দল পাথরপুকুর গ্রামে গিয়েছেন এবং সেখানকার বাসিন্দাদের রক্ত পরীক্ষা করেছেন। তবে ওই যুবক ছাড়া আর কারও শরীরে কালাজ্বরের জীবাণু পাওয়া যায়নি।
স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে যে, ওই গ্রামে কালাজ্বর বহনকারী ‘স্যান্ড ফ্লাই’-এর উপস্থিতিও পাওয়া গেছে। উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত দাস বলেন, “অনেক বছর পর এই কেসটি পাওয়া গেল। কালাজ্বর বাংলা থেকে সম্পূর্ণ মুক্ত হয়নি। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাতেও এর উপস্থিতি রয়েছে। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি।”