Recipe: ভাদ্রমাসে তালের লুচি খেয়েছেন কখনও? সহজেই বানিয়ে ফেলুন বাড়িতেই

জন্মাষ্টমীর পর বাড়িতে প্রায়ই তাল leftover থাকে। এই তাল দিয়ে তালের বড়া, মালপোয়া, ক্ষীর তো অনেকেই বানান। কিন্তু এইবার একটু ভিন্ন কিছু করতে চাইলে তালের ক্বাথ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু তালের লুচি। কীভাবে বানাবেন, রইল তার সহজ রেসিপি।

উপকরণ:

তালের ক্বাথ: ১ কাপ

ময়দা: ২ কাপ

সুজি: ২ টেবিল চামচ

গুড়: ১ কাপ

নুন: এক চিমটে

সাদা তেল: পরিমাণ মতো

প্রণালী:

১. প্রথমে তাল ভালো করে ছেঁচে নিন। এরপর একটি পাতলা সুতির কাপড়ে তালের ক্বাথ ঢেলে কাপড়ের মুখ বেঁধে দিন। এটিকে উঁচু করে কিছুক্ষণ ঝুলিয়ে রাখুন, যাতে তালের তেতো ভাব বা কষ বেরিয়ে যায়।

২. একটি বড় পাত্রে ময়দা, সুজি এবং নুন একসঙ্গে মিশিয়ে নিন।

৩. এরপর ধীরে ধীরে গুড় এবং তালের ক্বাথ মিশিয়ে মেখে একটি মণ্ড তৈরি করুন। খেয়াল রাখবেন, মণ্ডটি যেন খুব পাতলা না হয়ে যায়।

৪. মাখা হয়ে গেলে মণ্ডটি একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে ঢেকে ২০ মিনিটের জন্য রেখে দিন।

৫. এবার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। এরপর বেলন-চাকিতে সামান্য তেল মাখিয়ে লুচির মতো বেলে নিন।

৬. একটি কড়াইতে তেল গরম করুন। আঁচ মাঝারি করে লুচিগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলুন।

গরম গরম এই তালের লুচি আলুর তরকারি বা কালোজিরে দিয়ে বানানো আলুর দম-এর সাথে খেতে দারুণ লাগে।