শাহরুখের ২০০ কোটির বাংলোতে পথকুকুরদের আশ্রয়, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা

কিং খান শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মন্নত’-এর প্রবেশপথে একটি পথকুকুরকে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি এই দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা মুগ্ধ। এই ঘটনার পর থেকেই শাহরুখের মানবিকতা নিয়ে চলছে জোর আলোচনা।
সাগর ঠাকুর নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মন্নতের প্রধান গেটের ঠিক সামনেই একটি কুকুর শুয়ে আছে এবং কোনো কর্মী তাকে তাড়িয়ে দিচ্ছে না। সাগরের দাবি, শাহরুখের বাড়ির কর্মীরা মন্নতের আশেপাশে থাকা কুকুরদের নিয়মিত খাবারও দেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে শাহরুখের প্রশংসায় ভরে গেছে। অনেকেই বলছেন, এমন বড় মনের জন্যই তিনি মানুষের কাছে ‘কিং খান’।
কিছুদিন আগেই দিল্লি-এনসিআর এলাকায় পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিল, যা নিয়ে দেশজুড়ে পশুপ্রেমীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। প্রথমে সুপ্রিম কোর্ট পথকুকুরদের শেল্টারে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও, পরে সেই রায় পরিবর্তন করে। নতুন রায়ে বলা হয়, পথকুকুরদের ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া যাবে, তবে রাস্তায় যেখানে সেখানে তাদের খাওয়ানো যাবে না। এমন একটি পরিস্থিতিতে শাহরুখের মতো একজন সুপারস্টারের বাড়িতে পথকুকুরকে আশ্রয় দেওয়া সত্যিই প্রশংসার দাবি রাখে।
বর্তমানে, মন্নতের সংস্কারের কাজ চলছে। তাই শাহরুখ ও তার পরিবার পালি হিলসের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন। এর মধ্যেই তিনি তার ২০০ কোটি টাকার বাড়িতে একটি পথকুকুরকে আশ্রয় দিয়ে মানবিকতার এক অসাধারণ উদাহরণ স্থাপন করেছেন।