সীমান্ত পেরিয়ে ‘গা ঢাকা’ 4 বাংলাদেশির, কলাবাগান থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী নাগরিক

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে কলাবাগানে লুকিয়ে থাকা চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রানিতলা থানার পুলিশ। সোমবার রাতে মুর্শিদাবাদের শিবনগর ঘাট এলাকা থেকে তাদের ধরা হয়। তবে পুলিশের দফায় দফায় জিজ্ঞাসাবাদেও তারা কী উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল, তা পরিষ্কারভাবে জানাতে পারেনি। পুলিশের ধারণা, কোনো দালালের সাহায্যে তারা এপারে এসেছে।
ধৃতদের পরিচয়
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আলামিন শেখ, সাবির হোসেন, মামন আলি এবং মহম্মদ বিপ্লব। তাদের বয়স ১৯ থেকে ২৯ বছরের মধ্যে। আলামিন শেখের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার সোনাইকান্দিতে, আর বাকিরা একই জেলার বেরপাড়া গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া গেছে। আজ তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের জন্য লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে।
সীমান্তের চোরা পথ
মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, সাগরপাড়া, রানিতলা, ভগবানগোলা এবং রানিনগর থানা এলাকা ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত। এই সীমান্তের বেশিরভাগ অংশই কাঁটাতারের বেড়া নেই এবং জলসীমান্ত। বর্ষার সময় পদ্মার জল বেড়ে গেলে এই খোলা অংশ দিয়ে রাতে পাচার এবং অনুপ্রবেশ সহজ হয়ে যায়।
কেন এই অনুপ্রবেশ?
পুলিশের প্রাথমিক অনুমান, এই অনুপ্রবেশকারীরা ভারতে জাল ভোটার বা আধার কার্ড বানিয়ে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে আসে। এদের মধ্যে কেউ কেউ পাচারের সঙ্গেও জড়িত। অনেকেই পুলিশকে জানিয়েছে যে, তারা বাংলাদেশে অশান্তির কারণে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তবে তাদের মধ্যে কেউ কোনো নাশকতার ছক নিয়ে ভারতে ঢুকেছে কিনা, পুলিশ তাও খতিয়ে দেখছে। গত এক মাসে প্রায় ৩৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
এভাবে অবাধ অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিএসএফের নজরদারি এড়িয়ে কীভাবে এত মানুষ সীমান্ত পেরিয়ে যাচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।