ঈশিতাকে খুন করে পলাতক অভিযুক্ত ‘প্রেমিক’ দেবরাজ সিং! কিন্তু কে এই দেবরাজ?

নদিয়ার কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে গুলি করে ‘খুনের’ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ও পলাতক ‘প্রেমিক’ দেবরাজ সিং-এর পরিচয় জানতে পেরেছে পুলিশ। জানা গেছে, দেবরাজ আদতে উত্তরপ্রদেশের গোরখপুরের বাসিন্দা এবং তার বাবা একজন এনডিআরএফ কর্মী। তার বাবার চাকরির সুবাদে তারা গত ৫-৬ বছর ধরে উত্তর ২৪ পরগনার বীজপুরের ধরমপুর কলোনিতে ভাড়া বাড়িতে থাকেন।
কৃষ্ণনগরের মৃত ছাত্রী ঈশিতা মল্লিক (১৯) এবং দেবরাজ, দুজনেই কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করত। সেখান থেকেই তাদের পরিচয়, যা পরবর্তীতে প্রেমের সম্পর্কে রূপ নেয়। গত বছর তারা দুজনেই উচ্চ মাধ্যমিক পাশ করে। পরীক্ষার পর ঈশিতা কলেজে ভর্তি হয়, কিন্তু দেবরাজ এক বছর ধরে ম্যানেজমেন্ট পড়ার নাম করে কিছু করছিল না। এ কারণে তাদের মধ্যে দেখা হওয়ার সুযোগ কমে গিয়েছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সম্প্রতি ঈশিতা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এই নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই কারণেই দেবরাজ ক্ষুব্ধ হয়ে এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে। সোমবার দেবরাজ ঈশিতার বাড়িতে আসে এবং সরাসরি দোতলায় গিয়ে তাকে গুলি করে হত্যা করে। এরপর সে সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে দেবরাজের বীজপুরের বাড়িটি তালাবন্ধ। তার পরিবারের কারো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তার পরিবারের সদস্যদের দেখা নেই। পুলিশ বর্তমানে দেবরাজের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং সে কীভাবে একটি আগ্নেয়াস্ত্র পেল, সে বিষয়েও তদন্ত করছে। পুলিশ ঘটনার আগের কয়েকদিনের দেবরাজের গতিবিধি জানতে আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে।