শত্রুপক্ষকে করবে ধ্বংস! কোথায় মোতায়েন করা হচ্ছে ৫ ‘ভৈরব’ কমান্ডো ব্যাটালিয়ন?

দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনী নতুন করে সাজানো হচ্ছে। ভারত, একদিকে পাকিস্তান এবং অন্যদিকে চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় ‘ভৈরব’ নামে পাঁচটি বিশেষ কমান্ডো ব্যাটালিয়ন তৈরি করেছে। এই বাহিনীগুলো শত্রুপক্ষকে টক্কর দিতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত।

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আপাতত পাঁচটি ভৈরব কমান্ডো ব্যাটালিয়ন তৈরি হয়েছে। এর মধ্যে তিনটি ব্যাটালিয়নকে চীনের সঙ্গে লড়াইয়ের জন্য উত্তরাঞ্চলীয় কমান্ডের অধীনে এবং বাকি দুটি ব্যাটালিয়নের মধ্যে একটিকে উত্তর-পূর্বাঞ্চলে এবং অন্যটিকে পাকিস্তানের সীমান্তে পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীনে মোতায়েন করা হবে।

প্রায় পাঁচ বছর আগে গালওয়ান সংঘর্ষের পর লাদাখ এবং জম্মু ও কাশ্মীর সীমান্তে চীনের ও পাকিস্তানের সম্ভাব্য হামলার মোকাবিলা করার জন্য সেনাবাহিনীর পরিকাঠামো বদলের পরিকল্পনা শুরু হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই উন্নত অস্ত্রশস্ত্রের পাশাপাশি এই বিশেষ ভৈরব কমান্ডো ব্যাটালিয়ন গঠন করা হয়েছে।

গত ২৬শে জুলাই কার্গিল বিজয় দিবসে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছিলেন যে দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। তিনি বলেছিলেন যে ২০২৩ থেকে ২০৩২ সাল পর্যন্ত এই দশক হবে ভারতীয় সেনাবাহিনীর রূপান্তরের দশক। এই নতুন পরিকল্পনায় পদাতিক, গোলন্দাজ এবং ট্যাঙ্ক রেজিমেন্টকে একত্রিত করে রুদ্র বিগ্রেড এবং ভৈরব কমান্ডো ব্যাটালিয়ন তৈরি করা হবে। এছাড়াও, ড্রোন, গোলাবারুদ, দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষমতার মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেনাবাহিনীর প্রত্যাঘাত করার ক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।