অবশেষে কাটল মেঘ, স্বস্তি পেল দক্ষিণবঙ্গ! রিমঝিম বৃষ্টির সম্ভবনা কয়েকটি জেলায়, আপডেট আবহাওয়া দফতরের

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ, মঙ্গলবার, দক্ষিণবঙ্গের আকাশ কখনো পরিষ্কার, আবার কখনো আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায়। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার বিশেষ করে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

উত্তরবঙ্গে আজকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে দু’এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। তাই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।