হাসপাতাল দুর্নীতির অভিযোগ, আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

দিল্লির হাসপাতাল নির্মাণ প্রকল্পে দুর্নীতির তদন্তে এবার সক্রিয় হয়েছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। মঙ্গলবার সকালে ইডি-র একটি দল আপ নেতা এবং দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজের গ্রেটার কৈলাসের বাড়িতে হানা দেয়। জানা গেছে, শুধু তার বাড়ি নয়, এই মামলার সঙ্গে জড়িত আরও ১৩টি জায়গায় অভিযান চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

২০১৮-১৯ সালে দিল্লি সরকার ২৪টি হাসপাতাল তৈরি এবং সেগুলোর উন্নয়নের জন্য ৫,৫৯০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছিল। এর মধ্যে কিছু হাসপাতালের কাজ ৬ মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও তিন বছর পেরিয়ে গেলেও সেই কাজ শেষ হয়নি। এর মধ্যেই প্রকল্পের খরচ কয়েক গুণ বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

২০২৪ সালে তৎকালীন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত অভিযোগ করেন যে, এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সরকারি তহবিলের অপব্যবহার করা হয়েছে। ইডি-র অভিযোগ, এই প্রকল্পের কাজ দেরিতে শুরু করা এবং অতিরিক্ত খরচ করা সন্দেহজনক। দুর্নীতির কারণে জনগণের পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌরভ ভরদ্বাজের পাশাপাশি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধেও এই মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে প্রকল্পের বাজেটে হেরফের, সরকারি অর্থের অপব্যবহার এবং কিছু বেসরকারি ঠিকাদারের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে।