ফের পিছিয়ে গেল DA মামলার শুনানি, হতাশ রাজ্য সরকারি কর্মীরা! পরবর্তী শুনানির সম্ভাবনা কবে?

আবারও পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) মামলার শুনানি। সুপ্রিম কোর্টে আজ এই মামলার শুনানির কথা থাকলেও, রাজ্য সরকারের আইনজীবীদের আবেদনের ভিত্তিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্য সরকারি কর্মীরা হতাশ।

রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টকে জানান যে তারা অন্য একটি সাংবিধানিক বেঞ্চের মামলায় ব্যস্ত আছেন, তাই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। তারা আদালতকে অনুরোধ করেন যে ১০ই সেপ্টেম্বরের পর এই মামলার শুনানি করা হোক। সুপ্রিম কোর্ট তাদের এই আবেদন মেনে নিয়েছে।

আদালত ১০ই সেপ্টেম্বরের পর শুনানি করার অনুমতি দিলেও, নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানায়নি। ফলে ডিএ মামলার পরবর্তী শুনানি কবে হবে, তা এখনো অনিশ্চিত। দীর্ঘদিন ধরে এই মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মীদের জন্য এটি একটি বড় ধাক্কা।