রাজ্যজুড়ে দু’দিন মাংস ও সমস্ত আমিষ খাবার বিক্রিতে নিষেধাজ্ঞা জারি! কিন্তু কেন?

রাজস্থান সরকার রাজ্যজুড়ে দুই দিনের জন্য মাংস ও সব ধরনের আমিষ খাবার বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পর্যুষণ উৎসব এবং অনন্ত চতুর্দশী উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২৮শে আগস্ট এবং ৬ই সেপ্টেম্বর রাজ্যের সব কসাইখানা ও মাংস-মুরগির দোকান বন্ধ থাকবে। এবার প্রথমবারের মতো ডিম বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধর্মীয় সংগঠনগুলোর দাবি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, সরকার মানুষের খাদ্যাভ্যাসের উপর হস্তক্ষেপ করছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারও এই ধরনের পদক্ষেপের সমালোচনা করেছেন এবং বলেছেন, “এমন ব্যবস্থা একেবারেই ঠিক নয়।” যদিও ভারতে আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবারেরই চল আছে, তবুও এই ধরনের নিষেধাজ্ঞা নতুন করে আলোচনা শুরু করেছে।
রাজস্থানের আগেও দেশের বিভিন্ন শহরে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেঙ্গালুরুতে জন্মাষ্টমীর সময় মাংস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। একইভাবে, মহারাষ্ট্রেও ১৫ই আগস্ট এবং ২০ই আগস্টের মতো বিভিন্ন উৎসবে কয়েকটি পুরসভা মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল।
ভারতে এমন একটি শহরও আছে, যেখানে আমিষ খাবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। গুজরাটের ভাবনগর জেলার পালিতানা হলো বিশ্বের প্রথম এমন শহর, যেখানে আমিষ খাবার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ২০১৪ সালে ২০০-র বেশি জৈন সাধুর প্রতিবাদের পর স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। পালিতানা জৈন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই নিষেধাজ্ঞার ফলে শহরের পবিত্রতা বজায় রয়েছে। এখানে নিরামিষ খাবারের বিভিন্ন দোকান তৈরি হয়েছে এবং পর্যটকদের জন্য আরও ভালো খাবারের ব্যবস্থা হয়েছে। এতে শহরের অর্থনীতিও উপকৃত হয়েছে।