চোলাই মদে আসক্ত গ্রামের পুরুষ! লাঠি-ঝাঁটা হাতে তুলে প্রতিবাদে মহিলারা…! চরম অশান্তি চন্দ্রকোনায়

চোলাই মদের রমরমা বন্ধ করতে এবার নিজেরাই পথে নামলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বামুনিয়া গ্রামের মহিলারা। হাতে লাঠি ও ঝাঁটা নিয়ে গ্রামের চোলাই ঠেকগুলোতে অভিযান চালিয়ে তারা মদ নষ্ট করে দেন। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রামের প্রায় শতাধিক মহিলা এই প্রতিবাদে অংশ নেন।

গ্রামের অশান্তির কারণ চোলাই মদ

বামুনিয়া গ্রামের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় চোলাই মদের ব্যবসা অবাধে চলছে। এর ফলে গ্রামে প্রায়ই অশান্তি লেগে থাকে। এলাকার অল্পবয়সী যুবকরা এই মদে আসক্ত হয়ে পড়ছে। সন্ধ্যার পর থেকে গ্রামে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হয়। স্কুল, কলেজ বা টিউশন থেকে ফেরার পথে ছাত্র-ছাত্রীরাও নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগে।

প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি

গ্রামের মহিলাদের অভিযোগ, চোলাই মদের এই কারবার বন্ধ করার জন্য তারা বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কোনো উপায় না দেখে তারা নিজেরাই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেন।

লাঠি হাতে অভিযান

সোমবার সকালে গ্রামের শতাধিক মহিলা হাতে লাঠি ও ঝাঁটা নিয়ে চোলাই ব্যবসায়ীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালান। এই অভিযানে তারা বেশ কয়েক লিটার চোলাই মদ উদ্ধার করেন এবং সেগুলো নষ্ট করে দেন। অভিযান শেষে গ্রামের রাস্তায় নেমে চোলাই ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভও দেখান তারা। এই সাহসী পদক্ষেপ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।