বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে মাথায় গুলি, প্রেমে অশান্তি? ঘটনায় শিউরে উঠলো কৃষ্ণনগর

কৃষ্ণনগরের প্রাণকেন্দ্রে দিনেদুপুরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মানিকপাড়া এলাকায় নিজের বাড়িতেই ১৯ বছর বয়সী এক ছাত্রীকে গুলি করে খুন করা হয়েছে। নিহত ছাত্রীর নাম ইশিতা মল্লিক, যে দ্বাদশ শ্রেণিতে পড়ত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার দুপুর নাগাদ এক যুবক ইশিতার বাড়িতে ঢুকে তাকে একেবারে কাছ থেকে গুলি করে। অভিযোগ, ওই ছাত্রীর মাথায় গুলি করা হয়েছে। গুলির শব্দ শুনে ইশিতার মা ছুটে এলে দেখতে পান এক যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছেন। ঘরে ঢুকে তিনি মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান। এরপর দ্রুত তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, এটি একটি প্রেমঘটিত হত্যাকাণ্ড। পুলিশ সূত্রে জানা গেছে, ইশিতার সঙ্গে দেবরাজ সিং নামের ২৩-২৪ বছর বয়সী এক যুবকের সম্পর্ক ছিল। সম্প্রতি ইশিতা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এই ক্ষোভের জেরেই দেবরাজ তাকে খুন করেছে বলে অনুমান করা হচ্ছে।
কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানান, “মেয়েটির শরীরে দুটি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।”
ইশিতার পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক দেবরাজ সিংয়ের বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, ইশিতা কৃষ্ণনগরে আসার আগে কাঁচরাপাড়াতেই থাকত, তাই দেবরাজ তার পূর্বপরিচিত। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। পুলিশ তাকে ধরার জন্য আশেপাশের থানাগুলিকে সতর্ক করেছে এবং নাকা তল্লাশি শুরু করেছে।