‘অযোগ্য নই’ বলে আর্জি সুপ্রিম কোর্টে, SSC পরীক্ষা নিয়ে যা জানালো শীর্ষ আদালত

এসএসসি নিয়োগ দুর্নীতির পরিপ্রেক্ষিতে বাতিল হওয়া ২০১৬ সালের পুরো প্যানেলের জন্য ফের পরীক্ষা হতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। এই আবহে, একজন চাকরি হারানো শিক্ষিকার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না।
সুজাতা দাস নামে এক চাকরিহারা শিক্ষিকা সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন। তিনি সেই অযোগ্যদের তালিকায় ছিলেন, যাদের চাকরির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। সুজাতা দাসের দাবি ছিল, তিনি অযোগ্য না হওয়া সত্ত্বেও তার নাম ওই তালিকায় রয়েছে। তাই আসন্ন এসএসসি পরীক্ষা স্থগিত করে তাকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক।
বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ তার এই আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে চিহ্নিত অযোগ্যরা নতুন করে পরীক্ষায় বসতে পারবে না।
সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, যদি কোনো চাকরিপ্রার্থী মনে করেন যে তিনি অযোগ্য নন এবং এর পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে পারেন, তবে বিষয়টি কলকাতা হাইকোর্টকে বিবেচনা করতে হবে। শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে সুজাতার মতো আরও অনেকেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু হাইকোর্ট তাদের আবেদন শুনতে রাজি হচ্ছে না। এর উত্তরে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “শীর্ষ আদালতের নির্দেশের কথা বলে হাইকোর্ট এই বিষয়ে শুনতে অস্বীকার করতে পারে না।”
আদালতের এই রায় থেকে স্পষ্ট যে, নির্ধারিত দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা নিজেদের অযোগ্য তালিকার বাইরে মনে করেন, তাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হবে।