ভরদুপুরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুন, চাঞ্চল্য কৃষ্ণনগরে! নেপথ্যে কি কারণ?

দিনের বেলায় এক বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় নদিয়ার কৃষ্ণনগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ছাত্রীর নাম ইশিতা মল্লিক, বয়স ১৯ বছর। তাঁর পরিবার এবং আত্মীয়দের সামনেই এই ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়, যা শহরের একেবারে প্রাণকেন্দ্রে এবং পুলিশ সুপারের অফিসের কাছেই। পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে কাঁচরাপাড়া থেকে দেবরাজ সিং নামের ২৩-২৪ বছরের এক যুবক ইশিতার সঙ্গে দেখা করতে আসে। ইশিতার পরিবারের লোকজন তাকে বাড়িতে ঢুকতে বাধা দিলে সে বন্দুক দেখিয়ে সবাইকে ভয় দেখিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরপর সে সোজা ইশিতার ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং কয়েক মুহূর্তের মধ্যেই গুলির শব্দ শোনা যায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ইশিতার সঙ্গে অভিযুক্ত দেবরাজের পরিচয় ছিল। ইশিতা পড়াশোনার জন্য কাঁচরাপাড়ায় যাতায়াত করতেন এবং সেই সূত্রেই তাদের পরিচয় হয়েছিল। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে কোনো কারণে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তদন্তকারীরা মনে করছেন, এই খুনের পেছনে কোনো প্রণয়ঘটিত কারণ থাকতে পারে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত দেবরাজকে খুঁজে বের করার চেষ্টা করছে।