ইশানের সঙ্গে কেমন সম্পর্ক যশের প্রথম পক্ষের ছেলের? জানালেন নুসরত

অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরত জাহানের সম্পর্ক নিয়ে বরাবরই অনেক আলোচনা হয়। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরা খুব একটা কথা বলেন না, কিন্তু এবার নুসরত যশের প্রথম পক্ষের ছেলে রেয়াংশ এবং তাঁদের নিজেদের ছেলে ঈশানের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।

আনন্দবাজার ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরত জানান যে, যখন তিনি যশের সঙ্গে সম্পর্কে আসেন, তখন থেকেই জানতেন যে যশের একটি ছেলে আছে। তিনি বলেন, “রেয়াংশ খুবই ভালো এবং মিষ্টি ছেলে। আমার ছেলে আর যশের বড় ছেলে একে অপরের ভাই। তারা একসঙ্গে থাকে, ঘুমায়। অনেক সময় আমরা বলি, ‘তুই ভাইকে একটু দেখ, তাহলে আমাদের কাজ করতে একটু সুবিধা হয়।’ আর রেয়াংশ ওর ভাইকে খুব ভালো করে দেখে রাখে। ও খুব ভালো ছেলে, সব বোঝে।”

যশের প্রথম স্ত্রীর নাম ছিল শ্বেতা সিং কালহানস। তিনি পেশায় একজন সংবাদকর্মী। বিচ্ছেদের পর শ্বেতা মুম্বাইয়ে থাকেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, বিচ্ছেদের সময় তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁদের সন্তানকে দু’জনেই একসঙ্গে দেখাশোনা করবেন।