তোলাবাজি-সহ একাধিক দুর্নীতি! পুলিশের পোশাক পরে ছবি পোস্ট TMC নেতার, ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা

পুলিশের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এলাকায় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। তাঁর নাম ফিরোজ শেখ, বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের চক্ষণজাদি গ্রামে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক শোরগোল পড়ে গেছে।

ফিরোজ শেখ জামালপুর ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন যে তিনি বালি ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি-সহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত। শুধু তাই নয়, তিনি মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করে দামোদর নদী থেকে বেআইনিভাবে বালি তুলে আসছিলেন বলেও অভিযোগ। গ্রামবাসীরা বলছেন, ফিরোজ শেখ এই অবৈধ কাজের মাধ্যমে অনেক সম্পত্তি করেছেন এবং তিনি এলাকার মানুষকে ভয় দেখান।

গ্রামবাসী ওসমান শেখ বলেন, “ফেসবুকে দেখছি পুলিশের পোশাক পরে ওর ছবি। আমরা চাই ওকে গ্রেফতার করা হোক।” আরেক গ্রামবাসী বলেন, “গ্রামের লোক বলছে, যত খাদ আছে, সবখান থেকে তোলা তুলত। কত লোককে মারধর করেছে, তোলা তুলেছে। এর একটা বিহিত হওয়া দরকার।”

এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনো মন্তব্য করতে রাজি হননি। সবার মনে একটাই প্রশ্ন, ছবি ভাইরাল হওয়ার পরও কেন এখনও এই নেতাকে গ্রেফতার করা হয়নি? পুলিশ তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।