পুলিশের পোশাকে তৃণমূল নেতার ছবি পোস্ট, শোরগোল পূর্ব বর্ধমান এলাকায়!

পুলিশের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এলাকায় আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের জামালপুরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম ফিরোজ শেখ, যিনি জামালপুর ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। তার এই ছবি ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
অভিযোগ কী?
জামালপুরের চক্ষণজাদি গ্রামের বাসিন্দা ফিরোজ শেখের বিরুদ্ধে তোলাবাজি, বালি পাচার এবং এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, তিনি পুলিশের পোশাক পরে নিজের ক্ষমতা দেখাচ্ছেন এবং এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন।
গ্রামবাসীদের ক্ষোভ
গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জামালপুরের বেরুগ্রামসহ একাধিক পঞ্চায়েত এলাকায় দামোদর নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। অভিযোগ রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই বালি পাচার চলছে। ফিরোজ শেখ এই কাজের সঙ্গে সরাসরি যুক্ত বলেও দাবি করা হয়েছে।
একজন গ্রামবাসী ওসমান শেখ বলেন, “ফেসবুক খুললেই দেখি পুলিশের পোশাক পরা ওর ছবি। ও তো নিজের নামটাও ঠিক করে লিখতে পারে না। আমরা চাই পুলিশ ওকে দ্রুত গ্রেফতার করুক।” আরেক গ্রামবাসী জানান, ফিরোজ এলাকার বিভিন্ন জায়গা থেকে তোলা তুলত এবং অনেককে মারধরও করেছে।
রাজনৈতিক চাপানউতোর
এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রশ্ন উঠেছে, পুলিশের পোশাক পরে একজন সাধারণ মানুষ কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়ে। ছবিটি ভাইরাল হওয়ার পরও কেন পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পুরো ঘটনায় স্থানীয় প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।