‘ছেলে ঘরে ফিরল’! ১৮ দিন মহাকাশে থেকে অবশেষে নিজের শহরে নভোচর শুভাংশু, আনন্দে ভাসল লখনউ

১৮ দিন মহাকাশে সফল অভিযান শেষ করে অবশেষে নিজের শহর লখনউতে ফিরেছেন ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সোমবার সকালে বিমানবন্দরে নামতেই তাঁকে বীরের মতো উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। হাজার হাজার মানুষ তাঁকে এক ঝলক দেখার জন্য এবং স্বাগত জানানোর জন্য জড়ো হয়েছিলেন।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তাঁর পরিবার, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং আরও অনেক সরকারি কর্মকর্তা। শুভাংশুর মা ছেলেকে দেড় বছর পর কাছে পেয়ে আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, “আমার ছেলে দেড় বছর পর ঘরে ফিরল। আমি খুব খুশি। ওকে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারছি না।”

বিমানবন্দরের বাইরে ঢোল-নাগাড়া বাজানো হচ্ছিল এবং মানুষজন ‘ভারতমাতা কি জয়’ বলে স্লোগান দিচ্ছিল। লখনউয়ের সড়কগুলোতেও গাড়ির উপর পুষ্পবৃষ্টি করা হয় এবং জাতীয় পতাকা উড়িয়ে তাঁকে সম্মান জানানো হয়।

লখনউ ফিরে শুভাংশু গোমতী নগরের একটি স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুভাংশুকে নিষ্ঠা ও উদ্দীপনার প্রতীক বলে প্রশংসা করেন এবং বলেন, “আপনার সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে। আজ উত্তরপ্রদেশ আপনার জন্য গর্বিত।”

উপমুখ্যমন্ত্রী পাঠক বলেন, “আজ লখনউয়ের জন্য একটি বড় দিন। শুভাংশু আগামীর যুবসমাজের আদর্শ।”

শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা প্রথম এবং মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় নভোচর হিসেবে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে তিনি মহাকাশ যাত্রা শুরু করেছিলেন এবং ১৫ জুলাই পৃথিবীতে ফিরে আসেন।