‘নিজের চ্যানেলেই ক্ষমা চাইতে হবে’, ইউটিউব কমেডিয়ানদের সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট!

কৌতুক অভিনেতা সময় রায়না এবং অন্যান্য কয়েকজন কমেডিয়ানকে সুপ্রিম কোর্ট তীব্র তিরস্কার করেছে। তাঁরা তাঁদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন রোগ এবং বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে মজা করেছিলেন। সুপ্রিম কোর্ট তাঁদের বলেছে, “যখন নিজের বক্তব্যকে ব্যবসার কাজে ব্যবহার করেন, তখন কোনো সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করতে পারেন না।”
কিওর এসএমএ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে একটি সংস্থা এই কমেডিয়ানদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। এই সংস্থাটি ‘স্পাইনাল মাসকিউলার অ্যাট্রোফি’ রোগে আক্রান্ত এবং তাদের পরিবারের পাশে দাঁড়ায়। সময় রায়না, বিপুন গোয়াল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠক্কর এবং নিশান্ত জগদীশ তানওয়ার এই রোগ নিয়ে কৌতুক করায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
আদালতে শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “হাস্যরস জীবনের অংশ, কিন্তু যখন অন্যের অনুভূতি নিয়ে মজা করা হয়, তখন তা সংবেদনশীলতাকে লঙ্ঘন করে। ভারত বৈচিত্রপূর্ণ দেশ। আজকের তথাকথিত ইনফ্লুয়েন্সাররা যখন তাঁদের বক্তব্যকে বাণিজ্যিকীকরণ করছেন, তখন তাঁরা কাউকে ব্যবহার করতে বা আঘাত দিতে পারেন না।”
কমেডিয়ানদের আইনজীবী আদালতে জানান যে তাঁরা নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং আদালতের নির্দেশে তাঁরা এখানে উপস্থিতও আছেন। সুপ্রিম কোর্ট এর জবাবে জানায়, “আজ বিশেষভাবে সক্ষমদের নিয়ে বলা হচ্ছে, কালকে মহিলা, প্রবীণ নাগরিক বা শিশুদের নিয়ে বলা হতে পারে। এটা কোথায় গিয়ে থামবে?”
আদালত রায় দেয় যে, সমস্ত কমেডিয়ানকে তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ক্ষমা চাইতে হবে এবং জানাতে হবে যে তাঁরা কী ধরনের শাস্তি গ্রহণ করতে ইচ্ছুক। তাদের জরিমানার বদলে বিশেষভাবে সক্ষমদের জন্য কিছু ভালো কাজ করার নির্দেশও দেওয়া হতে পারে। সুপ্রিম কোর্ট আরও বলেছে যে, কেন্দ্রকে এই ধরনের ঘটনার জন্য একটি নির্দেশিকা (guideline) তৈরি করতে হবে, যা ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাবে।