‘তোমার বাবা তোমাকে নিয়ে….’, আরিয়ানকে প্রশংসায় ভরিয়ে দিলেন সানি দেওল

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তাঁর প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। সম্প্রতি এই সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শাহরুখ এবং গৌরী হাজির হয়েছিলেন। এই সিরিজে অভিনয় করেছেন ববি দেওল, করণ জোহর, সালমান খান এবং রণবীর সিং-এর মতো তারকারা।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিরিজের গল্পও লিখেছেন আরিয়ান নিজেই। এটি বলিউডের উপর ভিত্তি করে একটি ব্যঙ্গাত্মক নাটক।

সিরিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ববি দেওল আরিয়ানের কাজের প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করেছিলেন। এবার ববির বড় ভাই সানি দেওলও আরিয়ানের প্রশংসা করলেন। তিনি ইনস্টাগ্রামে সিরিজের একটি ভিডিও শেয়ার করে লিখলেন, “প্রিয় আরিয়ান, তোমার অনুষ্ঠানটি দুর্দান্ত। বব বারবার তোমার প্রশংসা করেছে। তোমার বাবা তোমাকে নিয়ে ভীষণ গর্বিত হবেন। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, বেটা। চাক দে ফাট্টে।”

নেটফ্লিক্স এই সিরিজটি সম্পর্কে জানিয়েছে যে, বলিউডের ঝলমলে জগতের আড়ালে যে নাটকীয় জগৎ লুকিয়ে আছে, এই সিরিজটি সেই গল্প বলবে। আরিয়ানের দৃষ্টিকোণ থেকে তৈরি এই সিরিজটি একটি সাহসী এবং বিনোদনমূলক গল্প নিয়ে আসবে।

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাবে।