নিজের জালে নিজেই ফাঁসলেন জীবনকৃষ্ণ! বাড়িতে লাগানো CCTV-তেই মিলল সব প্রমান

দু’বছর আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবারও। সোমবার সকালে ইডি (ED) যখন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাতে যায়, তখন তিনি তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এবার তার লক্ষ্য ভুল হয় এবং ফোন দুটি পুকুরের জলে না পড়ে পাড়েই আটকে যায়।

সবচেয়ে মজার বিষয় হলো, ইডি আধিকারিকরা কীভাবে জানতে পারলেন যে ফোনগুলো কোথায় পড়েছে? জানা গেছে, জীবনকৃষ্ণ সাহা তাঁর নিজের বাড়ির চারপাশে নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। এই সিসিটিভি ফুটেজই তাঁর বিরুদ্ধে চলে যায়। ইডি আধিকারিকরা যখন ফোনগুলো খুঁজতে হিমশিম খাচ্ছিলেন, তখন তাঁদের নজর যায় ক্যামেরার দিকে। তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারেন যে ফোন দুটি পুকুর পাড়েই পড়ে আছে। এরপরই সেগুলো উদ্ধার করা হয়।

এই ঘটনার পর ইডি জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এই একই মামলায় দু’বছর আগে সিবিআই-এর তল্লাশির সময়ও তিনি তাঁর মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন।