‘….প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে’! সংশোধনী বিল নিয়ে মোদীর ‘গোপন’ ইচ্ছা জানালেন অমিত শাহ

সম্প্রতি লোকসভায় যে ১৩০তম সংশোধনী বিল আনা হয়েছে, তা নিয়ে বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সাক্ষাৎকারে বলেছেন যে, এই বিলের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের পদকেও অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। অর্থাৎ, প্রধানমন্ত্রীও আইনের ঊর্ধ্বে থাকবেন না।

অমিত শাহ বলেন, “প্রধানমন্ত্রী নিজেই এই পদটি বিলের অন্তর্ভুক্ত করেছেন।” তিনি ইন্দিরা গান্ধীর সময়ের একটি সংশোধনী (৩৯তম) উল্লেখ করে বলেন, সেই সময় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং স্পিকারকে আদালতের বিচার থেকে রক্ষা করা হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী এর বিরুদ্ধে নতুন সংশোধনী আনতে চেয়েছেন, যেখানে প্রধানমন্ত্রীকে জেলে যেতে হলে তাঁকেও পদত্যাগ করতে হবে।

শাহ আরও বলেন যে, যেহেতু দেশের বেশিরভাগ মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিজেপি জোটের, তাই এই বিল শুধু বিরোধীদের জন্যই নয়, তাঁদের নিজেদের মুখ্যমন্ত্রীদের জন্যও প্রযোজ্য। বিলে ৩০ দিনের জন্য জামিনের একটি বিধানও রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলগুলো এই বিলের তীব্র বিরোধিতা করছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের ফাঁসাতে এবং রাজ্য সরকারগুলোকে অস্থিতিশীল করতে চাইছে। সংসদের বাদল অধিবেশনের শেষ দিনেও এই বিল নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলো। তারা বিলটিকে ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করে।