‘প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন’, রাজ্যকে ৪৮ ঘণ্টা সময় দিয়ে আর যা জানিয়ে দিল আদালত

প্রতি বছর রাজ্য সরকার দুর্গা পুজোর জন্য ক্লাবগুলোকে যে অনুদান দেয়, তার খরচ নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এবার অনুদানের পরিমাণ ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে, সঙ্গে বিদ্যুৎ বিলেরও ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এই টাকা ক্লাবগুলো কীভাবে খরচ করছে, তার হিসেব কি তারা দিচ্ছে? এই প্রশ্নই তুলেছে আদালত।
পুজোর অনুদান ঘোষণার পরই হাইকোর্টে একটি নতুন মামলা হয়। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ রাজ্যকে নির্দেশ দিয়েছে। আদালত জানতে চেয়েছে, গত বছর পর্যন্ত কতগুলো ক্লাব অনুদানের টাকার হিসেব দিয়েছে এবং কারা দেয়নি, তার বিস্তারিত তথ্য ৪৮ ঘণ্টার মধ্যে হলফনামা আকারে জমা দিতে হবে।
আদালত মৌখিকভাবে জানিয়েছে যে, যেসব ক্লাব টাকা নিয়েও তার খরচের হিসেব দিচ্ছে না, তাদের ব্যাপারে রাজ্যকে ভাবতে হবে। বিচারপতি বলেন, “প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করে দিন।”
রাজ্যের অ্যাটর্নি জেনারেল অনুরোধ করেছিলেন যে পুজোর পর এই মামলার শুনানি হোক। কিন্তু আদালত তা মানেনি। বিচারপতি বলেন, “পুজোর পরে এই মামলার গুরুত্ব কী থাকবে? যখন বারবার সঠিক হিসেব দেওয়ার কথা বলা হয়েছে এবং তা দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে, তখন পুজোর আগেই পদক্ষেপ নেওয়া দরকার।”
আদালত আরও জানতে চেয়েছে যে, যদি কোনো ক্লাব হিসেব না দিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে।