উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রাক্কালে সামনে এল বিরাট জালিয়াতি! ২২ সাংসদের সই নকল করে মনোনয়ন জমা

উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে সামনে এল এক বড়সড় জালিয়াতির ঘটনা। কেরলের এক ব্যক্তি, ২২ জন সাংসদের সই নকল করে উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জালিয়াতি ধরা পড়ার পর তার মনোনয়ন বাতিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ আগস্ট। মোট ৪৬ জন প্রার্থী ৬৮টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ২২ আগস্ট মনোনয়নপত্রগুলো পরীক্ষা (scrutiny) করার সময় এই জালিয়াতি ধরা পড়ে।

জানা যায়, কেরলের বাসিন্দা জ্যাকব জোসেফ নামের এক ব্যক্তি তার মনোনয়নপত্রে ২২ জন সাংসদের নকল সই ব্যবহার করেছেন। এই জালিয়াতি তখনই ধরা পড়ে যখন দেখা যায়, সইগুলোর মধ্যে ওয়াইএসআরসিপি (YSRCP) সাংসদ মিথুন রেড্ডিরও সই রয়েছে। কিন্তু মিথুন রেড্ডি বর্তমানে জেলবন্দি। এই ঘটনায় সন্দেহ হওয়ায় তদন্তকারীরা আরও খতিয়ে দেখেন এবং বুঝতে পারেন যে বাকি সাংসদদের সইগুলোও জাল। এরপরই জোসেফের মনোনয়ন বাতিল করা হয়।

এই গুরুতর জালিয়াতির পর অভিযুক্ত জ্যাকব জোসেফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। তবে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনের প্রধান দুই প্রার্থী হলেন এনডিএ-র সিপি রাধাকৃষ্ণণ এবং বিরোধী জোটের সুদর্শন রেড্ডি।