ফের ফোন কান্ড! তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে গ্রেফতার করল ED

নিয়োগ দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সোমবার সকালে তাঁর কান্দির বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁকে কলকাতায় সিজিও কমপ্লেক্সে আনা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।
সোমবার ভোরবেলা ইডি-র একটি দল জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি চালাতে যায়। ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছাতেই তিনি পেছনের দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন। কিন্তু তখনই কেন্দ্রীয় বাহিনী তাঁকে ধরে ফেলে। এরপরই তিনি তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলেন, ঠিক যেমনটা দু’বছর আগে সিবিআই-এর তল্লাশির সময়েও করেছিলেন। তবে এবার ফোন দুটি পুকুরে না পড়ে পাড়েই আটকে যায় এবং ইডি আধিকারিকরা সেগুলো উদ্ধার করেন।
ইডি সূত্রে খবর, উদ্ধার হওয়া দুটি মোবাইলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি পাওয়া গেছে। ইডি আধিকারিকরা যখন তাঁকে ফোনের পাসওয়ার্ড দিতে বলেন, তখন তিনি প্রথমে রাজি হননি। পরে লক খোলার পর সেই ফোন থেকে পাওয়া তথ্যর ভিত্তিতেই তাঁকে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন তাঁকে কলকাতায় এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।