২৬-এর বিধানসভা মূল লক্ষ্য! দূর্গা পুজোর আগে ফের একবার বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী

সামনেই দুর্গাপূজা। আর তার আগেই ফের পশ্চিমবঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিজেপি সূত্রে খবর, পুজোর আগে দু’বার বাংলায় আসতে পারেন অমিত শাহ।
গত শুক্রবার মোদী ‘পরিবর্তন সংকল্প যাত্রা’ কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন। এবার তিনি ২০ সেপ্টেম্বর নদিয়ার নবদ্বীপে দুটি সভা করতে পারেন। একটি হবে সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক এবং অন্যটি হবে একটি বড় রাজনৈতিক জনসভা। তবে এই তারিখ এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি।
এদিকে, অমিত শাহও বাংলায় খুব ব্যস্ত থাকবেন। ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনি দলের পঞ্চায়েত স্তরের একটি বড় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এই সম্মেলনে প্রায় ১১ হাজার পঞ্চায়েত সদস্যকে একসঙ্গে জড়ো করা হবে। এর স্থান এখনও ঠিক হয়নি।
এছাড়াও, ২২ সেপ্টেম্বর মহালয়ার পরের দিন তিনি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে একটি দুর্গাপূজার উদ্বোধন করতে পারেন। কয়েক বছর পর এই পূজা আবার ইজেডসিসি এলাকায় হচ্ছে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘন ঘন বাংলা সফর শুধু উৎসব উদযাপনের জন্য নয়, বরং আসন্ন ভোটের আগে দলের শক্তি বাড়ানোর একটি কৌশল।