ভয়াবহ! জলের তোড়ে নিখোঁজ নামকরা ইউটিউবার, রিলস্ বানাতে গিয়েই চরম পরিণতি যুবকের

ওড়িশার কোরাপুট জেলার দুধুমা জলপ্রপাতে রিলস তৈরি করতে গিয়ে নিখোঁজ হয়েছেন ২২ বছর বয়সী জনপ্রিয় ইউটিউবার সাগর টুডু। জানা গিয়েছে, তিনি একটি ড্রোনের মাধ্যমে ভিডিও বানাচ্ছিলেন। হঠাৎ বাঁধ থেকে জল ছেড়ে দেওয়ায় জলের তোড়ে তিনি ভেসে যান। স্থানীয়রা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজ শুরু করলেও এখনও তাঁর খোঁজ মেলেনি।

ওড়িশায় এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। সম্প্রতি সাম্বলপুর জেলার দেওঝরণ জলপ্রপাতে রিলস বানাতে গিয়ে দুই ডাক্তারি ছাত্র ডুবে মারা যান। মৃতদের নাম মনিকা মীনা এবং সন্দীপ পুরী। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও তাঁরা জলপ্রপাতের ওপর উঠে যান এবং গভীর জলে নেমে পড়েন। সাঁতার না জানার কারণে তাঁরা স্রোতের টানে ভেসে যান। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এছাড়াও, মধ্যপ্রদেশের সিওনি জেলার পারেয়া খোহ এলাকায় পিকনিক করতে গিয়ে এক যুবক নদীর স্রোতে ভেসে যান। জানা গেছে, চটি তুলতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যান। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।