তাজমহলের পাথর দিয়ে তৈরি হচ্ছে দূর্গা মন্দির, খরচ প্রায় ১ কোটি টাকা

আর মাত্র কয়েকটা দিন বাকি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার। আর এ বছর পুরুলিয়ার রঘুনাথপুরে একটি বিশেষ দুর্গামন্দির তৈরি হচ্ছে, যা চমকে দিয়েছে সবাইকে। আগ্রার তাজমহল এবং কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ব্যবহৃত রাজস্থানের সেই বিখ্যাত ‘মাকরানা’ মার্বেল পাথর দিয়েই তৈরি হচ্ছে এই মন্দির। এই প্রথম পুরুলিয়া জেলায় এমন বিশেষ পাথর দিয়ে কোনো দুর্গামন্দির বানানো হচ্ছে।

রঘুনাথপুরের তাঁতিপাড়া ষোলোআনা এই প্রাচীন দুর্গা পূজার আয়োজন করছে, যা প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে। পুরনো মন্দিরটি দুর্বল হয়ে পড়ায় এবং ছাদ থেকে সিমেন্টের চাঙড় খসে পড়ায় নতুন করে মন্দির তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এই নতুন মন্দির তৈরির জন্য আনা হয়েছে রাজস্থানের মাকরানা মার্বেল। এটি খুব শক্ত এবং সাদা রঙের হয়, যা বহু বছর ধরে তার সৌন্দর্য ধরে রাখতে পারে। মরুভূমি পেরিয়ে যখন এই পাথর রঘুনাথপুরে পৌঁছায়, তখন তা দেখতে প্রচুর ভিড় জমেছিল। মন্দির তৈরির জন্য রাজস্থান থেকে বিশেষ কারিগরও আনা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই মন্দির তৈরি করতে প্রায় ১ কোটি টাকা খরচ হবে।

তাঁতিপাড়া ষোলোআনা কমিটির এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি। তিনি বলেন, এই মন্দির একদিকে যেমন পুরুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও মজবুত করবে, তেমনই এটি পর্যটকদের কাছেও একটি নতুন আকর্ষণ হতে পারে। এই বিশেষ মন্দিরটি রঘুনাথপুরের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।