জাল আধার কার্ড নিয়ে ভারত হয়ে নেপালে অনুপ্রবেশের চেষ্টা, ফের গ্রেফতার বাংলাদেশি

নেপালে প্রবেশের সময় ভারত-নেপাল সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী (এসএসবি)। তার কাছ থেকে একটি নকল ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ ওই নকল আধার কার্ড তৈরির চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে।

এসএসবি সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম রাতুল খান। সে বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা। শনিবার সে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে নেপালের কাঠমান্ডু যাচ্ছিল দর্জির কাজ করার জন্য। সীমান্ত পার হওয়ার সময় সে একটি ভারতীয় আধার কার্ড দেখায়। কিন্তু কর্তব্যরত এসএসবি জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তল্লাশির পর তার কাছে আসল বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যায়, যেখানে তার নাম লেখা ছিল মহম্মদ মানিক। অর্থাৎ, একই ব্যক্তির দুটি ভিন্ন নাম ছিল।

জিজ্ঞাসাবাদে রাতুল খান স্বীকার করে যে সে একজন বাংলাদেশি নাগরিক। সে জানায়, গত ২২ আগস্ট একজন বাংলাদেশি দালালের মাধ্যমে ১২ হাজার টাকার বিনিময়ে সে অবৈধভাবে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর পানিট্যাঙ্কির দুই দালালের সাহায্যে মোটা টাকার বিনিময়ে সে নকল ভারতীয় আধার কার্ড তৈরি করে। নেপালে যাওয়ার চেষ্টা করার সময়ই সে এসএসবির হাতে ধরা পড়ে।

এসএসবি কর্তৃপক্ষ তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। রবিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ এখন নকল আধার কার্ড তৈরির এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনা সীমান্ত এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।