‘প্রয়াত বলিউডের ভিলেন রাজা মুরাদ’, সোশ্যালে শোরগোল পড়তেই অভিনেতার ক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় চরম বিরক্ত হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলিউড অভিনেতা রাজা মুরাদ। ৭৩ বছর বয়সী এই অভিনেতাকে ক্রমাগত ফোন করে নিজেকে জীবিত প্রমাণ করতে হচ্ছে, যা তাকে ভীষণভাবে বিব্রত করেছে।
সম্প্রতি কোনো এক নেটিজেন সামাজিক মাধ্যমে রাজা মুরাদের মৃত্যুর খবর প্রকাশ করে। সেই পোস্টে অভিনেতার জন্মতারিখের পাশাপাশি একটি ভুয়ো মৃত্যুর তারিখও উল্লেখ করা হয়। পোস্টে রাজা মুরাদকে শ্রদ্ধাও জানানো হয়। এই ভুয়ো খবর দ্রুত ছড়িয়ে পড়ে তার বন্ধু, আত্মীয় এবং পরিচিতদের মধ্যে।
রাজা মুরাদ জানান, “কিছু মানুষের কেন জানি না আমার বেঁচে থাকা নিয়ে সমস্যা হচ্ছে। পোস্টটিতে এ-ও লেখা ছিল যে আমি এত বছর ধরে অভিনয় করলেও এখন কেউ আমাকে মনে রাখেনি।” তিনি বলেন, এই ধরনের খবর খুবই গুরুতর।
রাজা মুরাদ বলেন যে, তিনি জীবিত আছেন এটা বলতে বলতে তার গলা, জিভ ও ঠোঁট শুকিয়ে গেছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তিনি ফোন পাচ্ছেন এবং অনেকেই তাকে সেই ভুয়ো পোস্টের ছবি পাঠাচ্ছেন। তিনি বলেন, “যে এই কাজ করেছে, তার মানসিকতা খারাপ। সে খুব ছোট মনের মানুষ, তাই এমন কাজ করে মজা পাচ্ছে।”
রাজা মুরাদ নিশ্চিত করেছেন যে, তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তার অভিযোগ গ্রহণ করেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, “এই ধরনের কাজ বন্ধ হওয়া উচিত। শুধু আমি নই, অনেক তারকার জীবিত থাকা সত্ত্বেও তাদের মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হয়। এই কাজ যারা করছে, তাদের শাস্তি হওয়া উচিত।”
দীর্ঘদিনের অভিনয় জীবনে রাজা মুরাদ হিন্দি, ভোজপুরি এবং অন্যান্য ভাষায় ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন।