“১ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে”-ডিজিটাল অ্যারেস্টের নামে বিরাট প্রতারণা

‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে সাইবার অপরাধীরা বার্নপুরের ইস্কো কারখানার অবসরপ্রাপ্ত কর্মী তপন কুমার মাজি (৬২)-এর কাছ থেকে ১ কোটি ২৭ লক্ষ ৪ হাজার ৩৩২ টাকা প্রতারণা করেছে। গত ২০ আগস্ট আসানসোলের সাইবার থানায় তিনি এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন (কেস নম্বর ৫৯/২৫)। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে।
যেমন করে হলো প্রতারণা
অভিযোগপত্রে তপন কুমার মাজি জানিয়েছেন, গত ৪ আগস্ট রাহুল রায় নামে এক ব্যক্তি তাকে ফোন করে নিজেকে ‘ডিজিসিএ’ (Directorate General of Civil Aviation) বলে পরিচয় দেয়। রাহুল জানায়, তপনবাবুর আধার কার্ড ব্যবহার করে কানাড়া ব্যাঙ্কে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ২ কোটি টাকার অবৈধ লেনদেন করা হয়েছে। এই টাকা ‘মানি লন্ডারিং’ এবং ‘সন্ত্রাসে অর্থায়ন’ (Terror Funding)-এর সঙ্গে যুক্ত।
এরপর অন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মুম্বাই পুলিশ এবং সিবিআই-এর নাম ব্যবহার করে তাকে ফোন করা হয়। তারা তপনকে জানায় যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপর প্রতারকরা তাকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব তথ্য, ডেবিট কার্ডের ছবি এবং বিভিন্ন ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাঠাতে বলে।
টাকা ফেরত দেওয়ার টোপে কোটি টাকা খোয়ালেন
প্রতারকরা তপনকে জানায় যে এই অবৈধ লেনদেনের ১০% অর্থাৎ ২০ লাখ টাকা তাকে কমিশন হিসেবে দেওয়া হয়েছে। এই টাকা ফেরত পাওয়ার জন্য তাকে বিভিন্ন কিস্তিতে মোট ১ কোটি ২৭ লক্ষ ৪ হাজার ৩৩২ টাকা তাদের পাঠানো ভুয়ো অ্যাকাউন্টে RTGS (Real-Time Gross Settlement) করতে বলা হয়। প্রতারকরা তাকে বোঝায় যে যদি তদন্তে তার কোনো দোষ না পাওয়া যায়, তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) পুরো টাকা ফেরত দিয়ে দেবে।
টাকা ফেরত না পাওয়ায় তপনবাবু বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এর পরেই তিনি আসানসোলের সাইবার থানায় অভিযোগ জানান।