আরও একবার দেখা যাবে টিকটক অ্যাপ’কে? ভারতে চালু নিয়ে যা জানাল সরকার!

ভারতে টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, এমন খবর সম্পূর্ণ মিথ্যা। শুক্রবার রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে, টিকটক বা অন্য কোনো নিষিদ্ধ চিনা অ্যাপ আনব্লক করার বিষয়ে কোনো নির্দেশ জারি করা হয়নি।

কী নিয়ে গুজব শুরু হয়েছিল?
গত শুক্রবার সন্ধ্যায় অনেকেই নিজেদের কম্পিউটারে টিকটকের ওয়েবসাইট খুলতে পারছিলেন বলে দাবি করেন। এই খবর ছড়িয়ে পড়তেই অনেকে মনে করেন যে সরকার বুঝি টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কিন্তু সরকারি সূত্র এই খবরকে গুজব এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে।

কেন টিকটক নিষিদ্ধ হয়েছিল?
২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ভারত সরকার দেশের নিরাপত্তার স্বার্থে চিনের তৈরি ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে। সেই তালিকায় টিকটক, ইউসি ব্রাউজার এবং শিন-এর মতো জনপ্রিয় অ্যাপও ছিল। পরে এই তালিকায় পাবজি-সহ আরও অনেক অ্যাপ যুক্ত করা হয়। সরকারের নির্দেশে এই সব অ্যাপ এখনো নিষিদ্ধ রয়েছে।

টিকটকের পক্ষ থেকে সেই সময় বলা হয়েছিল যে তারা সরকারের নির্দেশ মেনে চলছে এবং ভারতীয় ব্যবহারকারীদের কোনো তথ্য চিনের সরকারের সঙ্গে শেয়ার করেনি। তবে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট: টিকটক ভারতে এখনো নিষিদ্ধ।