‘সবাইকে দুটো লাড্ডু, আমার বেলায় একটা!’ রেগে সোজা মুখ্যমন্ত্রীকে ফোন, ব্যক্তির কাণ্ডে অবাক সকলে

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একটি লাড্ডু কম পাওয়ায় এক ব্যক্তি সোজা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানালেন। এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে।
মধ্যপ্রদেশের ভিন্দ জেলার এক গ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের অনুষ্ঠান চলছিল।অনুষ্ঠানের পর উপস্থিত সকলকে লাড্ডু দেওয়া হচ্ছিল।কমলেশ খুশওয়াহা নামে এক ব্যক্তিকে নাকি শুধু একটি লাড্ডু দেওয়া হয়, যেখানে অন্য সবাই দুটি করে পেয়েছিল।কমলেশ আরও একটি লাড্ডু চাইলে তাকে তা দেওয়া হয়নি। এতে তিনি খুব রেগে যান।ঘটনার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ কমলেশ পঞ্চায়েত ভবন থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করেন। তিনি জানতে চান, কেন তাকে একটি লাড্ডু কম দেওয়া হলো।
বিষয়টি মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে গেছে জেনে পঞ্চায়েতের সচিব রবীন্দ্র শ্রীবাস্তব দ্রুত পদক্ষেপ নেন। তিনি কমলেশকে শান্ত করার জন্য স্থানীয় একটি দোকান থেকে এক কেজি লাড্ডু কিনে তার হাতে তুলে দেন।এই ঘটনায় পঞ্চায়েত সচিবও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
২০২০ সালেও এই জেলার একজন ব্যক্তি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে শিরোনামে এসেছিলেন। তিনি একটি খারাপ হ্যান্ড পাম্পের বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। তখন অভিযোগের জবাবে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বলেছিলেন যে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। তবে এই ধরনের ঘটনা আবারও প্রমাণ করে যে মানুষ এখন নিজেদের ছোটখাটো সমস্যা নিয়েও প্রশাসনের উচ্চ পর্যায়ে অভিযোগ জানাতে দ্বিধা করছে না।