“২০ টি সিনেমা পর পর ফ্লপ”-গোবিন্দা ১২ বছর থেকে করছেন সিনেমা হিটের অপেক্ষা

একসময় বলিউডে ‘হিরো নাম্বার ওয়ান’ নামে জনপ্রিয় ছিলেন গোবিন্দা। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু গত ১২ বছর ধরে একটিও হিট ছবি দিতে পারেননি এই অভিনেতা। এই সময়ে তিনি প্রায় ২০টি ছবিতে কাজ করেছেন, যার সবকটিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
গোবিন্দার শেষ হিট ছবি ছিল ২০০৭ সালের ‘পার্টনার’। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে তার সঙ্গে ছিলেন সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং লারা দত্ত। ২৮ কোটি টাকা বাজেটের এই ছবিটি ১০০ কোটিরও বেশি ব্যবসা করেছিল। এরপর থেকে তার কোনো ছবিই সফল হয়নি।
ফ্লপের তালিকা দীর্ঘ
২০০৮ সাল থেকে গোবিন্দার ফ্লপের তালিকা শুরু হয়। সেই বছর তার দুটি ছবি ‘হামসে হ্যায় জাহান’ এবং ‘মানি হ্যায় তো হানি হ্যায়’ বক্স অফিসে চলেনি। এরপর ২০০৯ সালে ‘চল চালা চল’, ‘লাইফ পার্টনার’ এবং ‘ডু নট ডিস্টার্ব’-ও ফ্লপ হয়।
পরবর্তী বছরগুলোতেও এই ধারা চলতে থাকে। ২০১০ সালে ‘রাবন’, ২০১১ সালে ‘নটি অ্যাট ৪০’ এবং ‘লুট’, ২০১২ সালে ‘দিল্লি সাফারি’, ২০১৩ সালে ‘দিওয়ানা ম্যায় দিওয়ানা’, ২০১৪ সালে ‘কিল দিল’ এবং ‘হ্যাপি এন্ডিং’ ফ্লপ হয়। এরপর তিনি ‘হে ব্রো’, ‘আ গয়া হিরো’ এবং ‘ফ্রাইডে’-তে কাজ করেন। তার শেষ ছবি ছিল ২০১৯ সালের ‘রঙ্গিলা রাজা’, যা বক্স অফিসে একেবারেই ব্যর্থ হয়।
২০১৯ থেকে সিনেমার পর্দা থেকে দূরে
২০১৯ সালের পর থেকে গোবিন্দাকে আর কোনো ছবিতে দেখা যায়নি। আশির দশকে ‘লভ ৮৬’ ছবির মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ইলজাম’। এরপর ডেভিড ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে তিনি অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ১৩০টি ছবিতে কাজ করেছেন।