রেস্তোরায় জলের বোতলের দাম আকাশছোঁয়া কেন? ২০ টাকার বদলে ১০০ টাকা, কড়া প্রশ্ন দিল্লি হাইকোর্টের

রেস্তোরাঁয় গিয়ে ২০ টাকার জলের বোতল ১০০ টাকায় কেনা, এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। এবার এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট। আদালত সরাসরি রেস্তোরাঁ মালিকদের কাছে জানতে চেয়েছে, কীভাবে তারা পণ্যের গায়ে লেখা সর্বোচ্চ খুচরো দামের (MRP) চেয়ে বেশি দামে জিনিস বিক্রি করতে পারে।

আদালতের মূল প্রশ্ন
দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় একটি মামলার শুনানিতে রেস্তোরাঁ মালিকদের সংগঠন ‘ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’কে (NRAI) প্রশ্ন করেন, “২০ টাকার জলের বোতলের দাম কী করে ১০০ টাকা হতে পারে?” বিচারপতি বলেন, রেস্তোরাঁয় বসা, পরিষেবা গ্রহণ এবং আরামদায়ক পরিবেশের জন্য আলাদা করে সার্ভিস চার্জ নেওয়া হয়। তাহলে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি কেন নেওয়া হবে? এটা কোন আইনের ভিত্তিতে করা হয়?

রেস্তোরাঁ মালিকদের যুক্তি
রেস্তোরাঁ মালিকদের আইনজীবীর যুক্তি, রেস্তোরাঁ একটি বেসরকারি ব্যবসা। মেনু কার্ড টেবিলে থাকে, গ্রাহক সব জেনেবুঝেই খাবার অর্ডার করেন। যদি দাম বেশি মনে হয়, তাহলে তিনি অন্য রেস্তোরাঁয় যেতে পারেন। কিন্তু এই যুক্তিতে আদালত সন্তুষ্ট হয়নি। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনোভাবেই এমআরপি-র চেয়ে বেশি দামে কিছু বিক্রি করা যায় না।

সার্ভিস চার্জ বিতর্ক
এই মামলার শুনানি শুরু হয়েছিল মূলত সার্ভিস চার্জ বা পরিষেবা কর নিয়ে। আগে দিল্লি হাইকোর্টের একটি একক বেঞ্চ রায় দিয়েছিল যে, হোটেল বা রেস্তোরাঁ গ্রাহকের কাছ থেকে জোর করে পরিষেবা কর আদায় করতে পারবে না। কারণ এটা বাধ্যতামূলক নয়, গ্রাহকের ইচ্ছাধীন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রেস্তোরাঁ মালিকরা হাইকোর্টে আবেদন করেন। এই প্রসঙ্গে আদালত জানতে চায়, কেন সার্ভিস চার্জকে আলাদা করে বিল করা হয় এবং কেন এটিকে পণ্যের দামের সাথে অন্তর্ভুক্ত করা হয় না।

পরবর্তী শুনানি
আদালত এই বিষয়টির ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয়, আদালত এই বিষয়ে কী নির্দেশ দেয়।