সকাল সকাল রাস্তার ধারে বসে মদ্যপান যুবক-যুবতীর! বারণ করতেই….,বেধড় মার অঙ্কন শিক্ষককে!

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায় এক অঙ্কন শিক্ষককে বেধড়ক মারধর করেছে কিছু যুবক ও যুবতী। এই ঘটনায় শিক্ষক নিরুপম পাল ও তাঁর পরিবার যথেষ্ট আতঙ্কিত। বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
কী ঘটেছিল?
বেলঘড়িয়ার নন্দননগরের বাসিন্দা অঙ্কন শিক্ষক নিরুপম পাল সকালে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। পথে তিনি দেখতে পান, কিছু যুবক ও যুবতী প্রকাশ্যে মদ্যপান করছে। স্থানীয় বাসিন্দা হিসেবে তিনি এই ঘটনার প্রতিবাদ করেন। এর পরেই ওই যুবকেরা তাঁকে মারধর করতে শুরু করে। হামলাকারীদের মধ্যে একটি মেয়েও ছিল বলে জানা গেছে।
অভিযোগ ও তদন্ত
মারধরের পর প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এলাকার লোকজন ছুটে এসে নিরুপম পালকে উদ্ধার করেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সোচ্চার হয়েছেন। তাঁরা জানিয়েছেন, এলাকায় সিসিটিভি ক্যামেরা আছে, যার ফুটেজ দেখে সহজেই অপরাধীদের চিহ্নিত করা সম্ভব। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আক্রান্ত শিক্ষক নিরুপম পাল বলেছেন, “সকাল ৬টার দিকে আমি ফিরছিলাম। দেখি ৭-৮ জন ছেলে ও একটি মেয়ে রাস্তার ধারে মদ্যপান করছে। আমি শুধু বলেছিলাম, ‘সকাল হয়ে গেছে, তোমরা কেন প্রকাশ্যে এমন করছ?’ এই কথা বলার পরই ওরা আমাকে মারধর শুরু করে।”