রবিবার দিনভর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ, জেনেনিন খোলা থাকবে কোন কোন বিকল্প রুট ?

গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর সেতু রবিবার দিনভর বন্ধ থাকবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুর মেরামত ও সংস্কার কাজের জন্য যান চলাচল বন্ধ রাখা হবে। নাগরিকদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুতে কোনো গাড়ি চলাচল করতে পারবে না।
মূলত, বিদ্যাসাগর সেতুর ‘হোল্ডিং ডাউন কেবল’ এবং ‘বিয়ারিং’-এর মেরামতের কাজ করা হবে। এই কাজের জন্য কোনা এক্সপ্রেসওয়েতে ভারী স্টিলের বিম ওঠানো হবে। এই কারণে, এই সময় সেতু ব্যবহার করে কলকাতা বা হাওড়ার দিকে কোনো গাড়ি চলাচল করতে পারবে না।
বিকল্প রাস্তা কোনগুলি?
যাত্রীদের সুবিধার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছু বিকল্প রাস্তার পরামর্শ দেওয়া হয়েছে:
কলকাতা-হাওড়া: বিদ্যাসাগর সেতুর বদলে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের জন্য হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বিবেকানন্দ সেতু ব্যবহার করা যাবে।
দক্ষিণ কলকাতা থেকে:
যেকোনো দক্ষিণমুখী গাড়ি যেগুলো এজেসি বোস রোড দিয়ে আসছে, সেগুলো টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিং, কেপি রোড বা স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে।
খিদিরপুর থেকে আসা গাড়িগুলিও হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে।
কোলাঘাট থেকে কলকাতা: এই দিকের গাড়িগুলি ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে অঙ্কুরহাটি, সলপ, পাকুড়িয়া হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ব্যবহার করতে পারবে।
ডানকুনি থেকে কলকাতা: দু’চাকার গাড়ি বাদে বাকি সব গাড়ি মাটিয়াপাড়া হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু দিয়ে কলকাতা যেতে পারবে।
ছোট গাড়ি: যারা কাজিপাড়া বা হ্যাংসাং ক্রসিং থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে চান, তারা কোনা এক্সপ্রেসওয়ে ধরে যেতে পারবেন।
যাতায়াতের সময় এই বিকল্প রাস্তাগুলি ব্যবহারের মাধ্যমে অযথা ঝামেলা এড়ানো যাবে।