বকেয়া DA মামলায় বিরাট পরিবর্তন! ২৬-এ শুনানির আগে সামনে এল বড় তথ্য, কী হবে মঙ্গলে?

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলার শুনানি আবার হতে চলেছে সুপ্রিম কোর্টে। আগামী ২৬শে আগস্ট, মঙ্গলবার, এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের প্রকাশিত তালিকায় (কজলিস্ট) দেখা গেছে, মামলাটি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে উঠবে। এই মামলার সিরিয়াল নম্বর ৪ হলেও, এটিকে ‘টপ অফ দ্য লিস্ট’ হিসেবে রাখা হয়েছে, যার মানে এটি সবার আগে শোনা হবে।
এবার ডিএ মামলার বেঞ্চে একজন বিচারপতির বদল হয়েছে। আগেরবার বিচারপতি সঞ্জয় কারোলের সঙ্গে ছিলেন বিচারপতি প্রশান্তকুমার মিশ্র। কিন্তু এবার তার পরিবর্তে বিচারপতি মেহতা এই মামলার শুনানি করবেন।
এর আগে ১২ই আগস্ট যখন এই মামলা উঠেছিল, তখন শুনানি স্থগিত করে দেওয়া হয়েছিল। কারণ, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বিহারের একটি মামলার শুনানিতে ব্যস্ত ছিলেন। তাই সেদিনের শুনানি পিছিয়ে ২৬শে আগস্ট করা হয়।
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন আশা করছে, এবার তাদের পক্ষেই রায় আসবে। তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছেন যে, পশ্চিমবঙ্গ সরকার নিজেদের খেয়ালখুশি মতো ডিএ দিতে পারে না। কেন্দ্রীয় সরকার যে নীতি মেনে ডিএ দেয়, রাজ্য সরকার তা অনুসরণ করে না। এই মামলাটি পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত বকেয়া ডিএ নিয়ে, যা প্রায় এক দশক ধরে চলছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮% ডিএ পাচ্ছেন।