নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ল BJP বিধায়কের গাড়ি! বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা

ভোরবেলা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কোচবিহারের বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের একটি গাড়ি। শনিবার ভোরে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের কাছে একটি ভিআইপি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ঝুপড়ি দোকানে ঢুকে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা এক ব্যবসায়ী এবং কয়েকজন পথচারী।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর প্রায় ৫টা নাগাদ দিল্লি থেকে কোচবিহারের দিকে আসছিল সাংসদের গাড়িটি। প্রথমে গাড়িটি একটি টাইম কলের সঙ্গে ধাক্কা খায় এবং তারপরে সজোরে ঢুকে পড়ে নিরঞ্জন দত্ত নামে এক ব্যবসায়ীর দোকানে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা দেখেন, সাদা রঙের গাড়িটির গায়ে স্পষ্টভাবে লেখা আছে ‘এমপি রাজ্যসভা’।

দুর্ঘটনার সময় সাংসদ অনন্ত মহারাজ গাড়িতে ছিলেন না। তবে গাড়ির ভেতরে ছিলেন একজন তরুণী ও একজন যুবক। দুর্ঘটনার পর গাড়ির চালক এবং ওই তরুণী সংবাদমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে তারা থানায় নিয়ে যায়। সাংসদের গাড়ি দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা জানান, “যেভাবে শব্দ হয়েছিল, আমরা তো ভেবেছিলাম, বড় কিছু একটা ঘটে গিয়েছে। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি।” এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।